সময় ডেস্ক : ক্যারিবিয়ান সাগরে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। মাঝ সমুদ্রে একটি রসদ সরবরাহকারী জাহাজের সাথে একটি ধ্বংসকারী যুদ্ধজাহাজের এই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অন্তত দুইজন নাবিক আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রকাশিত ফুটেজে দেখা যায়, মার্কিন নৌবাহিনীর ধ্বংসকারী জাহাজ ‘ইউএসএস ট্রুক্সটন’ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে রসদ সরবরাহকারী জাহাজ ‘ইউএসএনএস সাপ্লাই’ এর এক পাশে আছড়ে পড়ে। ১৬০ মিটার দীর্ঘ এবং ৯,২০০ টন ওজনের বিশাল এই যুদ্ধজাহাজটি ধাক্কা খাওয়ার সময় প্রবল ঢেউয়ের সৃষ্টি হয় এবং জাহাজটি একদিকে হেলে পড়ে।
দুর্ঘটনার সময় ‘ইউএসএনএস সাপ্লাই’ জাহাজটি অন্য একটি ক্রুজার ‘ইউএসএস গেটিসবার্গ’কে জ্বালানি সরবরাহ করছিল। তখনই ট্রুক্সটন অপর পাশ থেকে এসে সেটিকে ধাক্কা দেয়।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, সংঘর্ষে দুই নাবিক সামান্য আহত হয়েছেন। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার পর উভয় জাহাজই নিরাপদে অন্য স্থানে সরে যেতে সক্ষম হয়েছে।
সাধারণত সমুদ্রে রসদ বা জ্বালানি স্থানান্তরের সময় জাহাজগুলো একে অপরের সমান্তরালে কয়েকশ ফুট দূরত্ব বজায় রেখে চলে। কেন এই নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি ভার্জিনিয়া থেকে রওনা হওয়া ‘ইউএসএস ট্রুক্সটন’ এই অঞ্চলে মাদকবিরোধী অভিযান ও নিরাপত্তা মিশনে নিয়োজিত ১২টি জাহাজের বহরের অংশ ছিল। যুদ্ধজাহাজের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা বিরল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সুয়েজ খালের কাছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি এস ট্রুম্যান’ একটি পণ্যবাহী জাহাজের সাথে সংঘর্ষে জড়িয়েছিল। নৌবাহিনী জানিয়েছে, এবারের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

No comments:
Post a Comment