নোয়াখালীকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে ঢাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 7 January 2026

নোয়াখালীকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে ঢাকা


সময় ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে হারের বৃত্ত থেকে মুক্তি পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর টানা তিন হার দেখতে হয়েছিল তাদের। তবে এবার নাসির হোসেনের রেকর্ড গড়া ‘হাফ সেঞ্চুরিতে’ নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ঢাকা। এ হারের মাধ্যমে নোয়াখালীর টানা পঞ্চম হারও নিশ্চিত হলো।


বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান তুলতে পারে নোয়াখালী।  শুরুতেই দলের ব্যাটসম্যানরা চাপে পড়লেও অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবী শেষ পর্যন্ত ৯০ রানের জুটি গড়ে দলের ইনিংসকে মোটামুটি সম্মানজনক রূপ দেন। 


হায়দার ৩৬ বলে ৪৭ রান করেন, নবী ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাজ সাদাকাত ১৯ বলে ২৪ রান যোগ করেন। বাকিরা দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।


জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। কিন্তু চাপ সামলাতে আসেন নাসির হোসেন। পাওয়ার প্লেতে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন তিনি। প্রথম ছয় ওভারে ঢাকা স্কোরবোর্ডে যোগ হয় ৬৪ রান।


নাসির হোসেনের ব্যক্তিগত অর্ধশতক আসে মাত্র ২১ বলে। এবারের আসরের দ্রুততম ফিফটি হিসেবে নতুন রেকর্ড গড়েন এই ডানহাতি ব্যাটার।


শেষ পর্যন্ত নাসির অপরাজিত থাকেন ৫০ বলে ৯০ রানে, আর তার সঙ্গে অপরাজিত ছিলেন ইমাদ ওয়াসিম ১৬ বলে ২৯ রান করে। দুজনের ব্যাটে জয় নিশ্চিত হয় ঢাকার।


নাসির হোসেনের এই ঝড়ো ইনিংসের কারণে ঢাকা ক্যাপিটালস টানা হারের ধারা ভেঙে সফলভাবে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করতে সক্ষম হলো।


No comments:

Post a Comment

Pages