মৌলভীবাজারে ছাত্রলীগ নেতার পিতা-চাচাকে কু-পিয়ে হ-ত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 27 December 2025

মৌলভীবাজারে ছাত্রলীগ নেতার পিতা-চাচাকে কু-পিয়ে হ-ত্যা


সময় ডেস্ক :
মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রলীগ নেতার পিতা ও চাচা

নৃশংসভাবে খুন হয়েছেন। সম্পর্কে তারা দুই ভাই। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।


শনিবার (২৭ ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহতরা হলেন—বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) এবং তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের পিতা। তিনি মাত্র ৬ মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।


এই হামলায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিবের আজানের কিছুক্ষণ আগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি ও লাশ উদ্ধারের কাজ শুরু করে। 


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রাত নয়টায় জানান, আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি এবং নিহতদের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।


No comments:

Post a Comment

Pages