সময় ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
খুলনার দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি।
গত নয়ই ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। বাকি পাঁচ আসনে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসলেও পহেলা ডিসেম্বর কেবলমাত্র খুলনা-১ এর এই আসনটিতেই পূর্বঘোষিত প্রার্থী পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
ওই আসনে প্রথমে প্রার্থী হিসেবে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিলো।
ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ঠিক কী বার্তা দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী?
দলটির রাজনৈতিক স্ট্রাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কি না বা আর কোনো আসনে ভিন্নধর্মের কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে কি না এসব প্রশ্নও সামনে আসছে।
এদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আরো কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে।

No comments:
Post a Comment