দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 21 November 2025

দুবাইয়ে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু


সময় ডেস্ক :
দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।


শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এয়ারশোর শেষ দিনের প্রদর্শনী চলাকালে এ দুর্ঘটনা ঘটে।


অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেজস বিমানটি নিচে পড়ে মাটিতে আছড়ে লাগার পরই বড় বিস্ফোরণ ঘটে এবং ঘন কালো ধোঁয়া মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ে।


দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে দুর্ঘটনার ঠিক পরপরই জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।


দুবাই মিডিয়া অফিস জানায়, ‘আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।’


ভারতীয় বিমানবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, পাইলট প্রাণঘাতী আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তারা আরও জানায়, দুর্ঘটনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।


এদিকে প্রদর্শনী দেখতে উপস্থিত যুক্তরাজ্যের দর্শক উইল গিলমোর বলেন, দুর্ঘটনার আগে তেজস বিমানটি উল্টো হয়ে উড়ছিল। পাইলট সেটিকে সোজা করার চেষ্টা করলেও বিমানটি খুব নিচে নেমে গিয়েছিল এবং ‘তার ওপরে উঠার মতো সময় আর ছিল না।’ সবকিছু মিলিসেকেন্ডের মধ্যেই ঘটে যায় বলেও মন্তব্য করেন তিনি।


গিলমোর জানান, বিধ্বস্ত হওয়ার মুহূর্তে তিনি একটি তাঁবুর আড়ালে ছিলেন, তবে বিস্ফোরণের কালো ধোঁয়া দ্রুত দেখতে পান।


তিনি বলেন, ‘কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিয়েছে। সাইরেন বাজতে শুরু করে, ঘোষক সবাইকে জানায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।’


উজ্জ্বল পরিবেশ থেকে মুহূর্তেই শোকের আবহে ঢেকে যায় দুবাই এয়ারশোর শেষ দিনটি। বিশ্বের অন্যতম বৃহৎ এভিয়েশন ইভেন্টটিতে এ বছর প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি আশা করা হয়েছিল।


No comments:

Post a Comment

Pages