দল ক্ষমতায় গেলে যে ইউনিয়নে নির্মিত হবে আধুনিক স্টেডিয়াম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 3 October 2025

দল ক্ষমতায় গেলে যে ইউনিয়নে নির্মিত হবে আধুনিক স্টেডিয়াম


সময় ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তেতলি ইউনিয়নের ক্রীড়া ও অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, দক্ষিণ সুরমায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিএনপি ক্ষমতায় গেলে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।


শুক্রবার (৩ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় এম এ মালিক বলেন, আমি তেতলি ইউনিয়নের সন্তান হিসেবে গর্বিত। এখানকার তরুণরা মেধাবী ও প্রতিভাবান। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো পেলে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে। 


তিনি আরও বলেন, এজন্য আমি জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের এনে স্থানীয় তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করব। স্টেডিয়ামের জন্য সরকারি বা বেসরকারি জায়গা নির্বাচন করা হবে। তিনি আশাবাদী, একদিন তেতলি ইউনিয়ন দেশের সেরা ইউনিয়ন হিসেবে পরিচিত হবে।


রাজনৈতিক প্রসঙ্গে এম এ মালিক বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশকে বিদেশের কাছে বন্ধক রেখেছে। বিএনপি বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। জাতীয় সরকার গঠনের মাধ্যমেই দেশকে চলমান সংকট থেকে বের করা হবে।


এ সময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী ও দেশীয় তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ক্রিকেটার ইমরান আলী এনাম এম এ মালিকের কাছে দাবি জানান, তিনি যদি সংসদ নির্বাচিত হন, তবে তেতলি ইউনিয়নে মানসম্মত মাঠ ও শরীরচর্চার অবকাঠামো গড়ে তোলেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- তেতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান, কমলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ, তেতলি ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি কয়েস আহমেদ, সিলেট জেলা যুবদল নেতা মিনার হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।


No comments:

Post a Comment

Pages