সময় ডেস্ক : বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টির জন্য চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিককে সতর্ক করেছে বিএনপি।
বুধবার (১ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে চিঠি দিয়ে তাকে সতর্ক করা হয়।
বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরে দুর্ভোগ ও জনমনে বিরক্তি সৃষ্টি প্রসঙ্গ উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘আপনি বিদেশ থেকে দেশে আসা-যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানানোর সময় লোকসমাগম করেন, যা অপরিণামদর্শী কাজ, এবং তাতে জনদুর্ভোগ তীব্রতর হয়।
আপনার অবিবেচনাপ্রসূত এই কর্মকাণ্ড বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। ইতোপূর্বেও আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোকসমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন।
দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোকসমাগম সাংগঠনিক নীতির পরিপন্থি, যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।’
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ‘এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে- এমন লোক সমাগম ঘটালে বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।’
প্রসঙ্গত, গত সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এমএ মালিক। এ সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মী বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগান দিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
বুধবার বিকালে বিমানে তিনি সিলেটে আসেন। এ সময়ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত ও বিদায় জানাতে লোকসমাগম হয়।

No comments:
Post a Comment