ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী বহর আটক, দুই'শ অধিকারকর্মী গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 2 October 2025

ফিলিস্তিনের জন্য ত্রাণবাহী বহর আটক, দুই'শ অধিকারকর্মী গ্রেফতার


সময় ডেস্ক :
ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের ১৩টি নৌযানকে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে।


বহরের মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ওই ১৩টি নৌযানে ২০১ জনের বেশি আরোহী ছিলেন। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন ও মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।


তিনি আরও জানান, আটকের পরও অভিযান থেমে নেই। এখনো প্রায় ৩০টি নৌযান ভূমধ্যসাগরে গাজার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘আমাদের নৌযানগুলো দখলদার বাহিনীর সামরিক জাহাজ থেকে দূরে সরে গিয়ে গাজার দিকে পৌঁছানোর চেষ্টা করছে। সবাই দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত।’


ইসরায়েলি সেনারা গত বুধবার রাতে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে বহরে বাধা দেয়। অন্তত আটটি নৌকা-দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু-থামিয়ে দেওয়া হয়। যদিও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৩টি নৌযান থামানো হয়েছে।


এ ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামাস–সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামিয়ে দেওয়া হয়েছে। আরোহীদের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তাঁর সঙ্গীরা নিরাপদ ও সুস্থ আছেন।’


বৈশ্বিক প্রচেষ্টা


‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ। এ বহরে রয়েছে ৪০টির বেশি নৌযান ও প্রায় ৫০০ যাত্রী। এর মধ্যে রয়েছেন ৪৪ দেশের অধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, এমনকি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও।


এই বহরের প্রথম নৌযানগুলো গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়।


No comments:

Post a Comment

Pages