সময় ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে দিনদুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে স্থানীয় কৃষক মৃদুল নন্দী গরু বেঁধে যান। দুপুরে এসে দেখেন গরুটি নেই। চারপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
ভুক্তভোগী মৃদুল নন্দী বলেন, ‘সকালে বাড়ির পাশে গরু বেঁধে রেখে আসি। দুপুর ১২টার দিকে গিয়ে দেখি গরু আছে। কিন্তু দুপুর ২টার দিকে গিয়ে দেখি গরু নেই।
এক স্কুলছাত্র জানায়, কয়েকজন লোক প্রাইভেটকারে গরু তুলছিল। জিজ্ঞেস করলে তারা বলে গরুটি কিনেছে। পরে আমি দৌড়ে গিয়ে দেখি গরু নেই, শুধু বাচুরটা আছে-গাভী নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘গরুটির দাম প্রায় এক লাখ টাকা। আমি গরিব মানুষ, এই গরুই ছিল আমার সম্বল। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। চোরদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোরচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

No comments:
Post a Comment