ইসরায়েলের হামলায় ২৩৩ ইমামের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 28 August 2025

ইসরায়েলের হামলায় ২৩৩ ইমামের মৃত্যু


সময় ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হামলায় এখন পর্যন্ত ২৩৩ জন ইমাম ও ইসলাম ধর্মের প্রচারককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করে দিয়েছে ৮২৮ মসজিদ। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৬৭টি মসজিদ। খবর আনাদোলু এজেন্সির।


প্রতিবেদন অনুযায়ী, ইহুদিবাদীদের হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার তিনটি চার্চও, সেইসঙ্গে হত্যা করা হয়েছে ২১ জন ফিলিস্তিনি খ্রিস্টানকে।


গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াবতেহ আনাদোলু এজেন্সিকে জানান, মসজিদ, গির্জা, মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। ধর্মীয় কণ্ঠস্বরকে স্তব্ধ ও প্রতিরোধের মূল ভিত্তিগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে।


তিনি বলেন, জাতীয় পরিচয় শক্তিশালী করতে, ঈমান জাগ্রত রাখতে এবং সামাজিক সংহতি রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাম ও আলেমরা। তাদের হত্যা ও নির্মূল করার মাধ্যমে ফিলিস্তিনিদের মনোবল দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ নিস্তব্ধ করে দেওয়া হচ্ছে।


ইসমাইল আল থাওয়াবতেহ বলেন, শতাব্দী প্রাচীন ধর্মীয় স্থাপনা ধ্বংসের মাধ্যমে গাজার সঙ্গে ফিলিস্তিনিদের শেকড়ের সম্পর্কও মুছে ফেলার চেষ্টা চলছে। ইতিহাস, সংস্কৃতি, সামাজিক পরিচয় এবং সমষ্টিগত স্মৃতি মুছে ফেলার এই প্রচেষ্টা ফিলিস্তিনের অস্তিত্বের জন্য বড় হুমকি।


No comments:

Post a Comment

Pages