চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি : ১৪৪ ধারা জারি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 31 August 2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি : ১৪৪ ধারা জারি


সময় ডেস্ক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে।


রোববার (৩১ আগস্ট) বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।


উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।


এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।


No comments:

Post a Comment

Pages