পাকিস্তানের পূর্ণ সমর্থন পেল ইরান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 14 June 2025

পাকিস্তানের পূর্ণ সমর্থন পেল ইরান


সময় ডেস্ক :
চলমান ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটি।


শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একথা বলেন।


তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে। আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।


বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান পাকিস্তানের এই মন্ত্রী। পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি।


খাজা আসিফ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই কঠিন সময়ে তেহরানের পাশে রয়েছে।


এদিকে, ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।


প্রসঙ্গত, গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ৭৮ জন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন।


এদিকে শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ সেনা অভিযান শুরু করে ইরান। এতে ২ জন নিহতসহ আহত হয়েছেন ৬৩ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।


উল্লেখ্য, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এবং ইরানের দক্ষিণ-পূর্ব অংশজুড়ে ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।


No comments:

Post a Comment

Pages