‘ধর্মীয় অবমাননা’র অভিযোগে টেলিভিশনের সম্প্রচার বন্ধ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 28 June 2026

‘ধর্মীয় অবমাননা’র অভিযোগে টেলিভিশনের সম্প্রচার বন্ধ


সময় ডেস্ক :
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে পাকিস্তানের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজ’ এর সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পিইএমআরএ) এই শাস্তিমূলক নির্দেশ জারি করেছে।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুন জিও নিউজে পবিত্র মহররম মাস উপলক্ষে ‘সফর-ই-ইশকে’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে প্রদর্শিত কিছু দৃশ্য দর্শকদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত করেছে বলে অভিযোগ ওঠে।


নিয়ন্ত্রক সংস্থা পিইএমআরএ জানিয়েছে, বিতর্কিত ওই বিষয়বস্তুর কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়ার এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে আজ রোববার (২৮ জুন) জিও নিউজ কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়েছে। 


বিবৃতিতে বলা হয়, বিতর্কিত বিষয়টি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল, যা কোনোভাবেই চ্যানেলটির সম্পাদকীয় অবস্থান বা বিশ্বাসের প্রতিফলন নয়। ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ ডিজিটাল কনটেন্টটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়।


পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মারকাজি জমিয়ত আহলে হাদিসের প্রধান ইবতিসাম জহিরের দায়ের করা এক অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ জুন রাতে পিইএমআরএ এই স্থগিতাদেশের নোটিশ জারি করে। নির্দেশনায় স্যাটেলাইট, ক্যাবল নেটওয়ার্কসহ সব ধরনের ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে জিও নিউজের সম্প্রচার অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


পুরো বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পিইএমআরএর ‘কাউন্সিল অব কমপ্লেন্টস’ বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি জিও নিউজ কর্তৃপক্ষকে তাদের সম্পাদকীয় ও মনিটরিং ব্যবস্থার গাফিলতি খতিয়ে দেখতে নিজস্ব একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


পাকিস্তানে ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি অত্যন্ত কঠোর আইনি ও সামাজিক নজরদারির মধ্যে নিয়ন্ত্রিত হয়। এর আগেও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমকে এই ধরনের স্পর্শকাতর সংকটের মুখোমুখি হতে হয়েছে। 


উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার বিষয়ক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ২০২৬ সালের সর্বশেষ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে (মুক্ত গণমাধ্যম সূচক) বিশ্বের ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।


সূত্র : রয়টার্স


No comments:

Post a Comment

Pages