খালেদা জিয়া ও ড. ইউনূস দেশকে দিকনির্দেশনা দেবেন : তারেক রহমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 13 June 2025

খালেদা জিয়া ও ড. ইউনূস দেশকে দিকনির্দেশনা দেবেন : তারেক রহমান


সময় ডেস্ক : লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে অনুষ্ঠিত বৈঠককে “ঐতিহাসিক” বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) অনুষ্ঠিত এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


তারেক রহমান জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর এই বৈঠক জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। 


তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং অধ্যাপক ইউনূস দেশকে দিকনির্দেশনা দেবেন।”


দেড় ঘণ্টাব্যাপী বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়। সংবাদ সম্মেলনে বিবৃতি পাঠ করেন প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।


বিবৃতিতে জানানো হয়, তারেক রহমান বৈঠকে প্রস্তাব দেন, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন আয়োজন করা হোক। 


তিনি বলেন, ওই সময়ই সবচেয়ে উপযুক্ত। চেয়ারপারসন খালেদা জিয়াও এ সময়ে নির্বাচন হলে তা দেশের জন্য কল্যাণকর হবে বলে মত দেন।


প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে, এমনকি রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব। তবে সে সময়ের মধ্যে বিচার ও সংস্কার প্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি অর্জন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।


তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান। একইসঙ্গে অধ্যাপক ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।


এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে বলেই মনে করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages