সময় ডেস্ক : আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই আজ শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
যশোরের কেশবপুর পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আজ রাতে যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে আইসিটি অ্যাক্টের অধ্যাদেশ প্রস্তাবনা নিয়েও আলোচনা হবে। এজন্যই এটি জরুরি বৈঠক।”
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ইস্যুতে তিনি বলেন, “কারা এতে জড়িত, সে বিষয়ে অনুসন্ধান চলছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।”
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “ভারত আমাদের কয়েকটি ভালো মানের মিডিয়ার সম্প্রচার বন্ধ করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তাদের সাংবাদিকতায় দায়িত্বশীলতার অভাব রয়েছে। বিপরীতে, আমাদের মিডিয়াগুলো অনেক বেশি পেশাদার ও দায়িত্ববান।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে বলেই এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা।”

No comments:
Post a Comment