নিজস্ব সংবাদদাতা : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার সাবেক দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজলকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের আরো ৫৪ কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ৫৬ কর্মকর্তাকে জনস্বার্থে অবসর দেওয়ার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপন দুটিতে সই করেন।
অবসরে যাওয়া ৫৬ কর্মকর্তার মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন এবং পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন রয়েছেন। তাঁদের মধ্যে শাহ মো. হারুন অর রশীদ ও খায়রুল ফজল বিভিন্ন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শাহ মো. হারুন অর রশীদ দক্ষিণ সুরমা থানার পাশাপাশি সিলেটের বিয়ানীবাজার ও গোয়াইনঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন।
অন্যদিকে খায়রুল ফজল দক্ষিণ সুরমা থানার পাশাপাশি সিলেটের এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসর দেওয়া হয়েছে।
অন্যদিকে পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে একই আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সাতজন সহকারী পুলিশ সুপারকে অবসর দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।

No comments:
Post a Comment