বুধবার (৯ এপ্রিল) বেলা সোয়া ১টায় নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, বৃহৎ জায়গার ওপর টিনসেডের কারখানায় পার্টেক্সের বোর্ড দিয়ে নানা ফার্নিচার ও একপাশে লেপ তোষক তৈরি করা হত। বেলা সোয়া ১টায় আগুন লাগলে কারখানায় কর্মরতরা ও ব্যবসায়ীরা আগুন নেভাতে চেষ্টা করেন। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত কাঠবোর্ডে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার হাজী আব্দুর রহিম মার্কেটের পেছনে অবস্থিত ফার্নিচার ও লেপ তোষকের কারখানার মালিক মান্নান আহমদ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার বেলাল হোসেনের নেতৃত্বে ৫টি ইউনিটের ৩০জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন পুরপুরি নিয়ন্ত্রণে আসায় বেশকিছু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পায়। আগুন নিভাতে দক্ষিণ সুরমা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুন নেভে যাওয়ায় তারা ফিরে যায়।
আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী, ব্যবসায়ী, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জালালাবাদ থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে ৮জন পু্লিশ সদস্য কাজ করেন।
অগ্নিকাণ্ড চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফায়ার সার্ভিসের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ফারুক হোসেন শিকদার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) সৌমিন মিত্র, এসআই অনুম কুমার চৌধুরী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) সদস্য প্রমুখ।
অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন, তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার বেলাল হোসেন।

No comments:
Post a Comment