সময় ডেস্ক : নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।
তিনি জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
নিহতদের মধ্যে অটোরিকশাচালক ছাড়া কারো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত অটোরিকশাচালকের নাম শাহীন মিয়া (৩০)। তার বাড়ি উপজেলার চক্রধা ইউনিয়নের সাতপারা এলাকায়।
এদিকে স্থানীয়রা জানায়, শিবপুরের ইটাখোলা মোড় থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা মনোহরদী যাওয়ার পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ট্রাকের নিচে চাপাপড়া সিএনজিতে থাকা যাত্রীদের মৃত অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আমরা এখন ঘটনাস্থলে আছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।’

No comments:
Post a Comment