সময় ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ও তার দলের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনার থিওরি এদেশে আর চলবে না। শেখ হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তিনি তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মূখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকেও ধ্বংস করেছেন। তিনি তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের ওপর প্রতিশোধ নিয়েছেন, এমনকি তিনি আওয়ামী লীগের ওপরও প্রতিশোধ নিয়েছেন। তিনি এমন একজন নেতা, যে ছাত্র-জনতার বিপ্লবে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, “এত বড় দল, এত নেতাকর্মী অথচ তার বাবার লাশ মাটিতে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি”। বাংলাদেশের প্রতি, দেশের মানুষের প্রতি এমনকি আওয়ামী লীগের প্রতিও তার মনের মধ্যে বিদ্বেষ ছিল। আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে না পারে, সেই পরিস্থিতি শেখ হাসিনাই সৃষ্টি করে দিয়েছেন।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এমন কাজ করেছিল যেন, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তিনি ও তার পরিবার এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো সদস্য অংশগ্রহণ করেন নাই। অথচ শেখ হাসিনা দাবি করতেন, আওয়ামী লীগ ও তার পরিবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যখন যার সঙ্গে দ্বিমত হতো, তাকেই রাজাকার আখ্যা দেওয়া হতো।
তিনি আরও বলেন, এভাবেই দেশের মানুষের প্রতি অত্যাচার করায় যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা ন্যায্য অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলেন। তখন শেখ হাসিনা এদেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছিলেন। তিনি এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও রাজাকার বলেছিলেন।

No comments:
Post a Comment