জাবেদ এমরান : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, নিরাপদ সড়ক কারো একক প্রচেষ্টায় হবেনা। চালক মালিক যাত্রীসহ সবার প্রচেষ্টায় নিরাপদ সড়ক হবে। একজন চালকের হাতে চল্লিশজন যাত্রীর জান মালের দায়িত্ব রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে চালকদের আরো দায়িত্বশীল হতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে স্কুলের সামনে থাকা সব সড়কে জেব্রা ক্রসিং নির্মাণের জন্য কর্তৃপক্ষকে তিনি তাগিদ দেন।
রোববার (২২ অক্টোবর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমাদের জ্ঞান আছে কিন্তু চর্চা নাই। সেটা ঝালাইয়ের জন্য সভা, সমাবেশ করি। ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ে উঠার কারনে ঘরে ঘরে ইন্টারনেট পৌছে গেছে।
বিদেশের মত দেশের চালকরাও একদিন টাই কোট পরে সড়কে যানবাহন চালাবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, যানবাহন চালকদের আরো সচেতন ও স্মার্ট হতে হবে। পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে আমাদের আরো দায়িত্বশীল হতে হবে নিজেদের, সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। স্ব স্ব জায়গা থেকে সকলে এগিয়ে আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।
মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠন করা হয়েছে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। দুর্ঘটনা প্রতিরোধে জন সচেতনতা ছাঁড়া কোনো বিকল্প নাই। সড়ক আইন সবাইকে মানতে হবে, মানাতে হবে। তাহলে কমে আসবে সড়ক দুর্ঘটনা।
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) রিয়াজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্যে সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ এর তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন বিআরটিএ সিলেট বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) ডালিম উদ্দিন।
সিলেট জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএর যৌথ উদ্যোগে আয়োজিত সভায় 'আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান, সিলেট পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ, সড়ক ও জনপদ (সওজ) সিলেট বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট বাস মালিক সমিতির সভাপতি জিয়াউল কবির পলাশ, জাতীয় নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ হান্নান সহ সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও পরিবহন নেতৃবৃন্দ এবং চালক শ্রমিকরা।
আলোচনা সভার শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম। সভার পূর্বে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালীটি সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করে সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


No comments:
Post a Comment