জৈষ্ঠ্য প্রতিবেদক : চৈত্র মাসকে হার মানিয়ে আজ (শুক্রবার) বিদায় নিচ্ছে আষাঢ় মাস। মাসের শেষে সিলেটে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা জুলাই মাসে গত ৬৬ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।
গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, ১৯৫৬ সালের পর গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সিলেটে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রিতে পৌঁছায়।
গত কযেকদিন ধরে তীব্র গরম বিরাজ করছে সিলেটে। সীমাহীন দুর্ভোগে পড়েন শ্রমজীবী মানুষজন। তীব্র তাপদাহে শিশু, মধ্যবয়স্ক, বৃদ্ধারাও রয়েছেন কষ্টের মধ্যে।
গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের লোডশেডিং। এমন গরম আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন অনেকে।
তীব্র তাপদাহে ভিড় বেড়েছে ফ্যান, এসি, ফ্রিজ ও এয়ারকন্ডিশন এর দোকানে। শরীরকে শীতল করতে কোমল পানীয়, আইসক্রিম, ডাব এবং শরবতের বেচাকেনাও বেড়েছে।
অস্বাভাবিক গরমের কারণে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন নানা বয়সী মানুষ। চিকিৎসার জন্য তারা ছুটছেন বিভিন্ন হাসপাতাল-ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে। অতি প্রয়োজনে দিনের বেলা ছাতাসহ বাইরে বের হওয়া এবং প্রচুর পরিমাণে পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেট বিভাগের ওপর দিয়ে কদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণেই এমন গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির অপেক্ষা আরও দুই-একদিন করতে হতে পারে। চলমান তাপদাহ থাকতে পারে আরও দুই-তিনদিন।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আরও দুদিন (১৬-১৭ জুলাই) পর্যন্ত পরিস্থিতি এমনই থাকতে পারে। মাঝে মাঝে কোথাও হালকা বৃষ্টি হলেও গরম খুব একটা কমবে না। গরম কমতে হলে টানা বৃষ্টি হতে হবে।

No comments:
Post a Comment