একটি ফোনের জন্য নতুন বিয়ে করা স্ত্রীকে বিক্রি! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 October 2021

একটি ফোনের জন্য নতুন বিয়ে করা স্ত্রীকে বিক্রি!


বহির্বিশ্ব ডেস্ক :
এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নতুন বিয়ে করা স্ত্রীকে বিক্রি করে দেওয়ার বিষয়ে। অভিযুক্ত কিশোর ভারতের ওড়িশা রাজ্যের বোলঙ্গি জেলার বাসিন্দা।


স্থানীয় পুলিশ জানায়, ১৭ বছরের ওই কিশোর মাত্র দুই মাস আগে ২৪ বছরের এক যুবতীকে বিয়ে করে। দুই পরিবারের অমতে গোপনে এই বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে আর্থিক সমস্যায় পড়ে ওই কিশোর। তখন রায়পুরে এক ইটভাটায় কাজ করতে যাবে বলে জানায় সে। কথা মতো নিজের স্ত্রীকে নিয়ে রওনা দেয়। কিন্তু রায়পুর যাওয়ার পরিবর্তে সে চলে আসে রাজস্থানে।


অভিযোগ, রাজস্থানে এক গ্রামে নিয়ে যায় নিজের স্ত্রীকে। সেখানে ১ লাখ ৮০ হাজার টাকায় স্ত্রীকে বিক্রি করে দেয় ৫৫ বছর বয়স্ক এক বৃদ্ধের কাছে। পরে টাকা দিয়ে বাড়ি ঠিক করে ওই কিশোর। এমনকী নিজের জন্য দামী মোবাইল কেনে।


স্ত্রী অন্য কারোর সঙ্গে পালিয়েছে বলে বাড়ি ফিরে অভিযোগ করে সে। কিন্তু স্ত্রীর বাড়ির লোকজন সেটা বিশ্বাস করেনি। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে ওই নাবালকের স্ত্রীকে রাজস্থানে রেখে দেওয়ার বিষয়টি জানতে পারে। এরপরেই ওই গ্রামে যায় পুলিশ। কিন্তু সেখানে স্থানীয়দের বাঁধার মুখে পড়েন তারা।


ওই বৃদ্ধ কিছুতেই তরুণীকে ফেরত দিতে রাজি হচ্ছিল না। শেষে স্থানীয় পুলিশের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে নিয়ে আসা হয়।


ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। বিষয়টিতে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।


সূত্র: ডিএনএ ইন্ডিয়া, আজতাক

No comments:

Post a Comment

Pages