৬ ঘণ্টা ভোগান্তির পর সচল হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 5 October 2021

৬ ঘণ্টা ভোগান্তির পর সচল হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম


তথ্যপ্রযুক্তি ডেস্ক :
বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম টানা ৬ ঘণ্টা ডাউন থাকার পর পুনরায় সচল হয়েছে। এই সময়ে ব্যবহারকারীদের সমস্যার মুখে পড়ার জন্য দুঃখ প্রকাশ করেছে ফেসবুক।


মঙ্গলবার (০৫ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪ টার দিকে এগুলো সচল হয়।


বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে বাংলাদেশেও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অচল হয়ে পড়ে।


ডাউন ডিটেকটরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সারাবিশ্ব থেকে এসময়ের মধ্যে ১০.৬ মিলিয়ন রিপোর্ট করা হয়েছে। এটাই সাম্প্রতিককালে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের জন্য সবচেয়ে বড় ঘটনা। সর্বশেষ ২০১৯ সালে এমন সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক, তখন প্রায় ১৪ ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক।


ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট, যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে থাকে।


বিবিসির খবরে বলা হয়েছে, অনলাইন নেটওয়ার্ক বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডিএনএস বা ডোমেনের কোনো ত্রুটির কারণে এমনটি হতে পারে।


এই ত্রুটির কারণে ক্ষমা চেয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‌ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার আবারও স্বাভাবিক হয়েছে। আজকের এই ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করছি- আমি জানি আপনারা মানুষের সঙ্গে যুক্ত থাকতে কী পরিমাণ আমাদের পরিষেবার ওপর নির্ভর করেন।


টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইক শ্রোফার বলেছেন, ফেসবুকসহ তাদের পরিষেবাগুলো পুরোপুরি ঠিক করতে কিছুটা সময় লেগেছে। এজন্য তারা ব্যবহারকারীদের কাছে ক্ষমাপ্রার্থনা করছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে এটা ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের বিভ্রাট, যা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন পর্যন্ত জানা যায়নি বিভ্রাটের কারণ।


ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।



No comments:

Post a Comment

Pages