বিশেষ সংবাদদাতা : বিয়ে না হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়ে দুই বোন একসাথে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর মজুমদারি এলাকায় বাসার ছাদ থেকে পুলিশ দুই বোনের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।
একসাথে দুই বোন আত্মহত্যা করেছেন নাকি এটি হত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে রহস্যের ডালপালা মেলছে। নিহতরা হলেন, মজুমদারী এলাকার ৩১ নং বাসার কলিম উল্লাহর মেয়ে রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।
দুই বোনের লাশ উদ্ধারের ব্যাপারে বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম বলেন, সকাল ৬ টার দিকে আশপাশের লোকজন জানালা দিয়ে তাদের দুই বোনের লাশ বাসার ছাদের রডে ঝুলে থাকতে দেখে আমাদের খবর দেয়। আমরা গিয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো লাশগুলো উদ্ধার করি।
প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা হিসেবেই মনে হচ্ছে জানিয়ে তিনি বলেন, তারা কিছুটা মানসিক ভাবে অস্বাভাবিক ছিলেন। কারো সাথে তেমন মিশতেন না। কোন মোবাইল ফোনও নেই। বাসায় ল্যান্ড ফোন আছে। এক বোনের বিয়ে হলেও অন্য ভাই-বোনের অনেক বয়স হলেও বিয়ে হচ্ছে না। তাছাড়া প্রতিবেশী কারো সাথে তেমন সম্পর্ক নেই। সব মিলে মানসিক সমস্যা থেকেই তারা হয়ত আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিস্তারিত তদন্ত করে বের করা হবে। আরও কোন কারণ আছে কি না সেটাও জানা যাবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, দুই বোনের লাশ উদ্ধারের পর প্রতিবেশী বা স্বজনদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে তাতে বিয়ে শাদি নিয়ে একটা হতাশা থাকতে পারে। তাঁদের সকলের অনেক বয়স হলেও এখনো বিয়ে হচ্ছে না। তাছাড়া এরা নানা কারণে অনেকটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আমরা এখনই কোন বিষয় নিশ্চিত করে বলতে পারছিনা। তদন্ত সাপেক্ষে সব জানা যাবে।


No comments:
Post a Comment