সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 12 September 2021

সিলেটে গণপিটুনিতে ডাকাত নিহত


সময় ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জে একটি বাড়ি ডাকাতি করে পালানোর সময় ধাওয়া দিয়ে এক ডাকাতকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এসময় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে স্থানীয় ৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।


রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের মিশ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


ডাকাতদের গুলিতে আহতরা হলেন- পশ্চিম দত্তরাইল গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২২), মানোয়ার হোসেন (২৪), একই এলাকার আতিব আলীর পুত্র সাইদুল ইসলাম (৪০), বকু মিয়ার পুত্র আরমান আহমদ (৩০), মনন আহমদের পুত্র দুলাল আহমদ (২৭)। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে নিহত ডাকাতের নাম জানা যায়নি।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার আনুমানিক রাত ৩টার দিকে ৫-৬ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল স্থানীয় জ্ঞান সেনের বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সবাইকে বেঁধে ফেলে। জ্ঞান সেনের ছেলে দুলাল সেন (৪০) বাঁধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে মালামাল লুটপাট চালায়। ডাকাতরা ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ক্যামেরা, ১ হাজার কানাডিয়ান ডলার, ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়।


ডাকাতি শেষে ভোররাতে ডাকাতদল পশ্চিম দত্তরাইল জামে মসজিদে আশ্রয় নেয়। এসময় মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মহল্লাবাসীদের অবগত করলে স্থানীয়রা চারপাশ থেকে ডাকাতদলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়া শুরু ছুড়ে পালানোর সময় এক ডাকাতকে আটক করা হয়। উত্তেজিত জনতার গণপিঠুনিতে সে ডাকাতের মৃত্যু হয়।


ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। বাকি ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।


ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী।


এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বলেন, ডাকাতদের একজন মারা গেছে। আর স্থানীয় অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


No comments:

Post a Comment

Pages