সময় ডেস্ক : আগামী ০৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন। কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, আগামী ০৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ০১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০২ সেপ্টেবর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
সিলেট-৩ আসনে দু’বার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ গত ২৮ জুলাই এ আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে ভোটের দু’দিন আগে গত ২৬ জুলাই এ আসনের নির্বাচন ০৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ০৫ আগস্ট এ আসনের নির্বাচন আগামী ০৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী আগামী ০৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।
সিলেট-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ মারা গেলে পরে জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে ১৪ জুলাই ভোটের তারিখ দেয় ইসি। ওই দিন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যু বার্ষিকী হওয়ায় দলটি ভোট পেছানোর দাবি করে। সেই দাবি আমলে নিয়ে পরবর্তীতে ২৮ জুলাই ভোটের পুনর্তারিখ দেয় কমিশন।
পরে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ০৫ আগস্ট পর্যন্ত ভোটের ওপর স্থগিতাদেশ দেয়া হয় এবং ০৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার নির্দেশনাও দেয়। সেই নির্দেশনার আলোকে কমিশন ৪ সেপ্টেম্বর ভোট করার সিদ্ধান্ত নেয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট-৩ আসটি ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা নিয়ে গঠিত। এ আসনে প্রায় ৩ লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। আগামী ০৪ সেপ্টেম্বর তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।

No comments:
Post a Comment