সময় ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়েল উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এপিবিএন জানিয়েছে, মুদ্রাগুলো পাচারের উদ্দেশ্যে মিশরে নেয়া হচ্ছিল। এ ঘটনায় আটক জাহাঙ্গীর গাজী গুলিস্তানের একজন কাপড় ব্যবসায়ী। তিনি দুই বছর ধরে মুদ্রাপাচারের সঙ্গে জড়িত। এই দুই বছর তিনি ৬৫ বার বিদেশ গিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক।
তিনি বলেন, তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুল হয়ে মিশরে যাওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। ফ্লাইটে ওঠার আগে চেক পয়েন্টে তাকে আটকের পর চ্যালেঞ্জ করে এপিবিএন। পরে শরীর তল্লাশি করে ৫০ হাজার রিয়েল উদ্ধার করা হয়। তাকে স্ক্যানিং করে শরীর ও ব্যাগ থেকে ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়েলসহ ৮টি দেশের মুদ্রা পাওয়া যায়।
এ সময় এপিবিএনের বিমানবন্দরের কার্যালয়ে কাস্টমসসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ভালোভাবে চেক করা হয়। এরপর তার কাছে ২ কোটি ৫২ লাখ টাকা মূল্যমানের মুদ্রা উদ্ধার করা হয়।
জাহাঙ্গীরের পরিচয় সম্পর্কে এপিবিএনর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, সে রাজধানীর গুলিস্তানে কাপড়ের ব্যবসা করতেন। গত দুই বছর ধরে ওই ব্যবসা বাদ দিয়ে অর্থপাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।
তিনি বলেন, জাহাঙ্গীরের পাসপোর্ট যাচাই করে এপিবিএন দেখেছে তার পাসপোর্টে মোট পাঁচটি দেশের ভিসা ও ইমিগ্রেশনের ১২৫টি সিল লাগানো আছে। দুই বছরে তিনি ৬৫ বার বিদেশে গিয়েছেন।

No comments:
Post a Comment