১৪ দিনের রিমান্ডে অং সান সু চি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 3 February 2021

১৪ দিনের রিমান্ডে অং সান সু চি


বহির্বিশ্ব ডেস্ক :
সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী ৭৫ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 


বুধবার (০৩ ফেব্রুয়ারি) সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।


এনএলডির প্রেস কর্মকর্তা কি তোয়ে বলেন, ‘আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় পহেলা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অং সান সু চির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।’


তিনি জানান, সোমবারের অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট উইন মিন্টকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 


বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা এক খবরে বলে, নেপিডোর সু চির বাসায় অভিযানের সময় বেশ কিছু ওয়াকিটকি রেডিও জব্দ করা হয়েছে বলে আদালতকে জানায় পুলিশ। এসব রেডিও অবৈধভাবে আমদানি করা এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই সেগুলো ব্যবহার হচ্ছিল।


প্রসঙ্গত, সোমবার মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগে ফল প্রত্যাখ্যান করে সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিজয়ী অং সান সু চি সহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।



No comments:

Post a Comment

Pages