দক্ষিণ সুরমা দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 February 2021

দক্ষিণ সুরমা দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮


সময় ডেস্ক :
সিলেটের দক্ষিণ সুরমায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। 


ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই বাসের আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। 


শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), এনা পরিবহন বাসের চালক, ওসমানীনগর উপজেলার ধরখা গ্রামের মঞ্জুর আলী (৩৮), এনার সুপারভাইজার, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান (২৫), হেলপার ধরখা গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৪), বি-বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন (৫০), ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর (২৯), সিলেট নগরীর আখালিয়া এলাকা শাহ কামাল (২৭) ও ছাতক বাংলাবাজার এলাকার রহিমা (২৬)।



দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী আহত হয়েছেন। আর নিহত সংখ্যা ৮ জন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে।


ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‌‘ঘটনাস্থল থেকে আমরা এসে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে ৮ জনের মরদেহ রয়েছে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

No comments:

Post a Comment

Pages