সময় ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা-টমটমের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গুরুতর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার গরুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে ডা. দীপংকর পোদ্দার (৩৬) ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৫৫)। নিহত জুলহাস উদ্দিন বানিয়াচং থানায় কর্মরত পুলিশ কন্সটেবল পুত্রের কাছে বেড়াতে এসেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ গামী একটি সিএনজি (অটোরিকশা) ও টমটমের সাথে নতুনব্রীজ থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। পরে আহতের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments:
Post a Comment