সময় ডেস্ক : সিলেট কোতোয়ালী থানার অন্তর্গত বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যাকারী এসআই আকবর বিদেশ পালালেও তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়ায় নিহত রায়হানের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, আমার মনে হয়, এসআই আকবর দেশেই আছে। সে যাতে বিদেশে পালাতে না পারে, সেজন্য সব সীমান্তে সতর্কতা জারি করা আছে। তিনি আরও বলেন, আমরা শিশু রাজনের খুনিকে সৌদি আরব থেকে ধরে এনেছিলাম। আকবর বিদেশে পালালেও নিয়ে আসা হবে।
এর আগে মন্ত্রী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী নিহত রায়হানের মাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের সঙ্গে কথা হয়েছে। আপনার ছেলের হত্যার বিচারে পুলিশ-র্যাব সবাই কাজ করছে।
বিকালে ঢাকায় ফেরার আগে মন্ত্রী হযরত শাহজালাল (রহ:) মাজার কবরস্থানে সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের কবর জিয়ারত করেন।
পররষ্ট্রমন্ত্রীর সাথে নিহত রায়হানের বাড়িতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান প্রমুখ।

No comments:
Post a Comment