শ্রমিক নেতা রিপন হত্যাকাণ্ড : আরো ২ আসামীসহ গ্রেফতার ৮ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 July 2020

শ্রমিক নেতা রিপন হত্যাকাণ্ড : আরো ২ আসামীসহ গ্রেফতার ৮

শ্রমিক নেতা রিপন হত্যাকাণ্ড : আরো ২ আসামীসহ গ্রেফতার ৮
নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বরইকান্দি এলাকার বাসিন্দা মৃত ফারুক মিয়ার পুত্র মনির আহমদ ওরফে ইমন (৩৫) ও ব্রাহ্মণবারিয়ার নাসিরনগর এলাকার শামসুল হকের পুত্র মো. আয়নুল হক। তিনি বর্তমানে বরইকান্দি এলাকায় বসবাস করছেন।

রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে ওই দুই আসামীকে গ্রেপ্তার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ। ৯ দিনে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়।
 

গ্রেপ্তার মনির রিপন হত্যা মামলার ২য় আসামি রিমুর আপন ছোট ভাই। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ৪৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেণ সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।

এদিকে, গত শুক্রবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬টায় ছাতক থানার বাসষ্ট্যান্ড এলাকা থেকে হাবিবুর রহমান মিন্টু ও রাত ১০টায় মোগলাবাজার থানার দাউদপুর থেকে ইসমাইল আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। মিন্টু দক্ষিণ সুরমার বরইকান্দির ১নং রোডের মৃত বশির মিয়ার পুত্র ও ইসমাইল একই এলাকার মৃত ফরিদ মিয়ার পুত্র।

তার আগেরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসষ্ট্যান্ড থেকে রিপন হত্যা মামলার অন্যতম আসামী সেজুল (২৫) কে গ্রেপ্তার করে সিলেট র‌্যাব-৯।

ঘটনার পরপর ১১ জুলাই এজাহারনামীয় আসামী সাদ্দাম ও নোমান এবং পরে তারেক আহমদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে ১৫ জুলাই আসামী তারেক দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

প্রসঙ্গত, গত ১০ জুলাই রাতে বাবনা পয়েন্টে দুর্বৃত্তের হামলার শিকার হন সিলেট বিভাগীয় ত্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো, ইকবাল হোসেন রিপন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ সময় রিপনের সাথে থাকা বাবলা তালুকদার নামের একজনও গুরুতর আহত হন। পরদিন নিহত রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে ১৩ জনের নাম উলে­খ সহ অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেণ। দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং- ১১/০৭/২০২০খ্রি:, ধারা-১৪৩/৩০২/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড রুজু করা হয়।

দক্ষিণ সুরমার আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনে গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন। তিনি জানান, অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






No comments:

Post a Comment

Pages