সিলেটে শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১, আজ জানাজা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 11 July 2020

সিলেটে শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১, আজ জানাজা

সিলেটে শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১, আজ জানাজা
  • নিজস্ব সংবাদদাতা : সিলেটের দক্ষিণ সুরমায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের (২১/৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) খুন ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে।

শনিবার (১১ জুলাই) সকালে রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা নোমান আহমদ নামে এজাহার নামিয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শেষরাত পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সিলেটে শ্রমিক নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১, আজ জানাজা
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টা শ্রমিকরা সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এসময় রাস্তার মাঝখানে ট্যাংকলরি এলোপাতাড়ি রেখে লাঠি হাতে বিক্ষোভ করেন তারা। এতে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে রোববার থেকে সারাদেশে অবরোধের ডাক দেওয়া হবে।

ইকবাল হোসেন রিপন সিলেট সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ডের খোজারখলা পশ্চিম মহল্লার ইমামবাড়ির আবিল হোসেনের ছেলে। রিপন এক কন্যা সন্তানের জনক। আজ শনিবার খোজারখলা মার্কাজ জামে মসজিদে বাদ আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment

Pages