সময় ডেস্ক : টানা বৃষ্টি ও গত কয়েকদিনে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ১১টি উপজেলায় বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বিকেল থেকে বিপদসীমার ৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়ক, তাহিরপুর-সুনামগঞ্জ ও তাহিরপুর বাদাঘাট সড়ক। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষদের চলাচল করতে গিয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি। এছাড়া ঢলের পানিতে অন্যান্য সড়ক ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।
তাহিরপুর বাদাঘাট সড়কে চলাচলকারী আমির মিয়া জানান, শুষ্ক মৌসুমে সড়কে মেরামত কাজ না করায় বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কয়েকটি স্থানের সড়ক পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।
বিশ্বম্ভর-তাহিরপুর সড়কের অটোরিকশাচালক আরিফ মিয়াসহ অনেকেই জানান, এই সড়কের লালপুর, শক্তিয়ারখলার ১শ’ কিলোমিটার, আনোয়ারপুর সড়কসহ কয়েকটি স্থান পানিতে ডুবে গেছে। এতে যাত্রী নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পানি বাড়লে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বাড়ছে। এই সময়ে বৃষ্টিপাত স্বাভাবিক। বৃষ্টি বাড়লে পাহাড়ি ঢলের পানি আরো বাড়বে।

No comments:
Post a Comment