সময় ডেস্ক : সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ান নিহত হয়েছেন। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের আব্দুল করিমের ছেলে।
জানা যায়, গত রোববার রাতে বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগ্রামের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের বোন নাসিমা বেগমের বাড়িতে একটি পানির মটরের ত্রুটি মেরামতের কাজ করতে যান।
বাড়ির লোকজন জানান, পানির মটরের কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামুনুর রশিদ মারা যান। রাত সাড়ে ১১টার দিকে মামুনুর রশিদের রহস্য মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা নাসিমা বেগমের বাড়িতে ছুটে যান।
পরে থানা পুলিশকে খবর দিলে থানার এসআই পার্থ সারথী দাস ও জিয়াউর রহমান রাত দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রশিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এরপর সোমবার বাদ এশা স্থানীয় বীরদল পুরানফৌদ জামে মসজিদ প্রাঙ্গণে মামুন রশিদের জানাজার নামাজ পরবর্তী দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে এ ঘটনায় নিহত মামুনুর রশিদের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। অপরদিকে ইলেক্ট্রিশিয়ান মামুন রশিদের স্বজনদের দাবি সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়নি। তাকে বাড়ির লোকজন হত্যা করতে পারে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
কিন্তু যে বাড়িতে মামুন রশিদ মারা গেছেন সেই বাড়ির গৃহকর্তী নাসিমা বেগম জানান, তার বসতঘরের পানির মটরের কাজ করতে গিয়ে অসাবধানতা বশত মামুন রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মামুন রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

No comments:
Post a Comment