সময় ডেস্ক : : সিলেটে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ, একজন সুনামগঞ্জের এবং একজনের বাড়ি হবিগঞ্জে।
তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তারা সকলেই অপুষ্টিসহ বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছিলো বলে জানান চিকিৎসকরা।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন।তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

No comments:
Post a Comment