যুবদল নেতা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 3 August 2026

যুবদল নেতা এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন


সময় ডেস্ক : :
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।


সোমবার (৩ আগস্ট) উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে গোসল শেষে মা হাওয়া বেগমের মাথায় হাত রেখে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আর সম্পৃক্ত না থাকার শপথ নেন।


ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দীর্ঘদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার এমন ব্যতিক্রমীভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।


মাহাবুব আলমের পরিবারের সদস্যরা জানান, তার এই সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি। তাদের ভাষ্য, রাজনীতি করে তিনি কোনো সুফল পাননি; বরং বিভিন্ন সময়ে হয়রানি ও কারাভোগ করতে হয়েছে। এখন রাজনীতি ছেড়ে কর্মজীবনে মনোযোগ দিয়ে সংসার চালানোর সিদ্ধান্তে পরিবারের সবাই স্বস্তি প্রকাশ করেছেন।


মাহাবুব আলম বলেন, "২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। দলের দুঃসময়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করেছি। কিন্তু দল ক্ষমতার কাছাকাছি আসার পর নিজের দলের কিছু নেতাকর্মীর হাতেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। যে রাজনীতির জন্য জীবন-যৌবন ব্যয় করেছি, সেই রাজনীতিই আমাকে অপমান, হয়রানি ও কারাভোগ উপহার দিয়েছে। তাই চিরতরে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।


তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



No comments:

Post a Comment

Pages