সময় ডেস্ক : : সিলেট নগরীতে ফুটবল ম্যাচ খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কাজিরবাজার ব্রিজে এই ঘটনা ঘটে।
নিহত যুবক রিফাত আহমদ মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির বন্ধন আবাসিক এলাকার মিসবাহ উদ্দিনের ছেলে। সে দিপশিখা স্কুলের নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট নগরীর একটি ইনডোর মাঠে ফুটবল ম্যাচ খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে কাজিরবাজার ব্রিজে সন্ধ্যার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসময় স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির সদস্যরা ময়নাতদন্তের জন্য লাশটি কলেজের মর্গে প্রেরণ করে।
হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ফুটবল ম্যাচ খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
ওই ঘটনার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

No comments:
Post a Comment