সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ : জামায়াত আমির - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 26 June 2026

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ : জামায়াত আমির


সময় ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা পূরণ করতে পারেনি। তার দাবি, অতীতে যে শাসনব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার মৌলিক কাঠামো এখনো বহাল রয়েছে।


শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল দেশে মৌলিক পরিবর্তন আসবে। দীর্ঘ সংলাপের মাধ্যমে প্রণীত সংস্কার সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হলেও জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, যেসব রাষ্ট্রীয় কাঠামো অতীতে কর্তৃত্ববাদী শাসনের ভিত্তি তৈরি করেছিল, সেগুলোও অপরিবর্তিত রাখা হয়েছে।


তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার ও বিরোধী দল উভয়ই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি। এর ফলে জাতীয় জীবনে নতুন সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, খুন, ধর্ষণ, সন্ত্রাস ও নিপীড়নের ঘটনা বেড়েছে এবং মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি নেই বলেও দাবি করেন তিনি।


বক্তব্যে সরকারের প্রতি দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থবিরোধী যেকোনো সরকারি পদক্ষেপের বিরুদ্ধে তারা সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবেন।


No comments:

Post a Comment

Pages