সময় ডেস্ক : কানাডার এক সাবেক এয়ারলাইন পাইলটকে প্রায় ১৭ বছর ধরে যথাযথ লাইসেন্স ছাড়াই শত শত ফ্লাইট পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৯ জুন) অন্টারিওর পিল অঞ্চলের পুলিশ জানায়, চার মাসের তদন্ত শেষে সাবেক এয়ার কানাডা ক্যাপ্টেন জিওফ্রি ওয়ালের বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
পিল রিজিওনাল পুলিশ জানায়, ৫৯ বছর বয়সী ওয়াল ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে জাল পাইলট লাইসেন্স ব্যবহার করে ৯০০-রও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। ২০২৫ সালে অবসরে যাওয়ার আগে ওয়াল তার যোগ্যতা ও লাইসেন্স সংক্রান্ত তথ্য সম্পর্কে এয়ার কানাডা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছিলেন।
পুলিশ জানায়, ওয়ালের কাছে একটি বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলেও তার কাছে এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) ছিল না। বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের জন্য এটিপিএল থাকা বাধ্যতামূলক।
এক বিবৃতিতে পিল রিজিওনাল পুলিশের প্রধান নিশান দুরাইয়াপ্পাহ বলেন, ‘এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং আকাশপথে নিরাপত্তার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। অভিযুক্ত ব্যক্তি ৯০০-রও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে লক্ষাধিক যাত্রীর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছেন।’
এয়ার কানাডা জানিয়েছে, তারা বিষয়টিকে ‘সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে’ দেখছে। তবে যাত্রীদের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি বলে জানিয়েছে তারা। কারণ সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর বাধ্যতামূলক প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়। এ ছাড়া প্রতি বছর একজন প্রত্যয়িত পাইলটের তত্ত্বাবধানে ফ্লাইট পরীক্ষা দিতে হয়।
এয়ারলাইনটি আরও জানায়, ওয়াল তার প্রশিক্ষণের সব শর্ত ‘সফলভাবে পূরণ’ করেন। বড় আকারের বিমান নিরাপদে পরিচালনার ক্ষেত্রে তার ‘দক্ষতার’ প্রমাণ মিলেছিল।

No comments:
Post a Comment