ফিফার কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে অভিযোগ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 19 June 2026

ফিফার কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে অভিযোগ


সময় ডেস্ক :
ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জটিলতা হবে তা আগের থেকেই আঁচ করা যাচ্ছিল। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপের মধ্যে বিশ্বকাপের অংশগ্রহণ দূরত্ব কমায়নি বরং বাড়িয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা বিরাজ করছে।


যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও ইরানকে ক্যাম্প করতে হচ্ছে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। মাত্র ২৪ ঘণ্টার জন্য ইরান ফুটবল দলকে তাদের দেশে থাকার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ খেলেই ফিরে যেতে হবে ক্যাম্পে।


কিন্তু যুক্তরাষ্ট্রের এমন কড়া বিধিনিষেধ মানতে পারছে না ইরান। নিজেদের ওপর আরোপিত ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে ইরান।


দেশটির ফুটবল ফেডারেশন এফএফআইআরআই জানিয়েছে, এসব বিধিনিষেধ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই পরিস্থিতির পর নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই তার দলকে টুর্নামেন্টের ‘সবচেয়ে নিপীড়িত’ দল হিসেবে আখ্যায়িত করেন।


এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ‘আমাদের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ অংশগ্রহণকারী সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করার নীতির পরিপন্থী এবং এটি দলের প্রস্তুতি প্রক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।’


ফেডারেশন আরও জানায়, ‘এই কারণে আমরা আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করছি এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কাছে অভিযোগ দায়ের করব।’


এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান দলের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।


ইরানের কোচিং ও সহায়ক স্টাফের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পাননি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ইরানের জন্য নির্ধারিত টিকিট বরাদ্দ বাতিল হওয়ার ঘটনায়ও ফেডারেশন ক্ষোভ প্রকাশ করে এবং ফিফার কাছে ‘নিরপেক্ষতা, ন্যায্যতা ও প্রতিষ্ঠিত নিয়মাবলি’ রক্ষার আহ্বান জানায়।


যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘ইরান জাতীয় দল শর্তগুলো মেনেই অংশগ্রহণে সম্মত হয়েছিল। ইরানের বাকি দুটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।


২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন মিশরের বিপক্ষে খেলবে তারা। ইরানের দাবি, ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে তাদের ম্যাচটি লস অ্যাঞ্জেলেসে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। কড়া তাপে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এজন্য খেলোয়াড়দের ম্যাচের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল ইরান। তাতে প্রস্তুতিও সম্পন্ন হবে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া যাবে। কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে কোনো ছাড় পাননি তারা। ২৪ ঘণ্টার বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে পারবে না স্পষ্ট করে জানিয়েছে।


No comments:

Post a Comment

Pages