ছাতকে দুইপক্ষের মারামারিতে ৪০ জন আহত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 May 2026

ছাতকে দুইপক্ষের মারামারিতে ৪০ জন আহত


সময় ডেস্ক :
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এছাড়া ৯ জন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং আরও দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫) এবং জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩)।


শনিবার (২৩ মে) সকালে গ্রামের অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় ও আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 


স্থানীয়রা জানান, কফিল উদ্দিনের ভাই ও একটি মামলার আসামি ফয়সাল আহমদ দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে শুক্রবার বাড়িতে আসেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে ধাওয়া করলে উত্তেজনা সৃষ্টি হয়। 


পরে শুক্রবার বিকেলে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে শনিবার সকালে ফের উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে  পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।


No comments:

Post a Comment

Pages