আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২০ শ্রমিকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 April 2026

আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২০ শ্রমিকের মৃত্যু


সময় ডেস্ক :
ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 


রোববার (১৯ এপ্রিল) ঘটা এই দুর্ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো বেশ কিছু শ্রমিক, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরুধুনগরের কাট্টানারপত্তি এলাকার ওই কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ রাসায়নিক পদার্থ মেশানোর সময় সৃষ্ট ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। 


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে এবং কারখানার অন্তত চারটি কক্ষ সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে।


খবর পেয়ে শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে দমকল বাহিনীর একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আরো কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিতে তল্লাশি চালাচ্ছেন। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ ছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।


বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারখানাটি যথাযথ নিরাপত্তা বিধি মেনে কাজ করছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।


No comments:

Post a Comment

Pages