সময় ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ব্যতিক্রমী এক ঘটনায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
অভিযোগে পারভীন আক্তার বলেন , দীর্ঘদিন ধরে তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তিনি তাকে নিয়মিত মুখ ও দাঁত পরিষ্কার করার জন্য বিনীত অনুরোধ করে আসছিলেন।
বারংবার মুখ পরিষ্কার করার অনুরোধ জানানোর ফলে তার স্বামী হেলাল আলী ভালো হওয়ার পরিবর্তে উল্টো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠতেন। এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই স্বামী প্রায়ই তাকে অকথ্য ভাষায় গালাগাল করতেন এবং এক পর্যায়ে মারধরও করতেন।
বিষয়টি নিয়ে তাদের সাজানো দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চরম অশান্তি ও মানসিক যন্ত্রণা চলছিল। বর্তমানে স্বামীর মুখের এই তীব্র দুর্গন্ধের কারণে একই ঘরে একসঙ্গে বসবাস করাও তার জন্য চরম কষ্টকর ও অসহনীয় হয়ে পড়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
এহেন চরম অস্বস্তিকর ও ভীতিময় অবস্থা থেকে মুক্তি পেতে এবং স্বামীর এমন উগ্র আচরণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে শাহরাস্তি থানায় লিখিত আবেদন জানান ভুক্তভোগী পারভীন আক্তার।
অভিযোগে তিনি বিষয়টির যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু তারা স্বামী-স্ত্রী এবং দু’জনই বয়স্ক, তাই তাদের থানায় ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে।

No comments:
Post a Comment