সময় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এর মধ্যে জামায়াত থেকে ৯ জনকে সমর্থন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন সংসদে যাচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় ১১ দলীয় ঐক্য। সেই হিসাবে তারা ১৩টি নারী আসন পাচ্ছে।
১১ দলীয় ঐক্য থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন— জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু,
সিলেটের নেত্রী মাহফুজা হান্নান, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, চট্টগ্রামের নেত্রী শামছুন্নাহার বেগম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের নেত্রী মারদিয়া মমতাজ এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
এনসিপির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে। আজ সোমবার বিএনপি তাদের মনোনীত প্রার্থীদের নাম জানিয়েছে। এরপরই ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের নাম জানা গেলো।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে।

No comments:
Post a Comment