ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 3 April 2026

ট্রাম্প প্রশাসন থেকে বরখাস্ত সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ


সময় ডেস্ক :
মার্কিন সেনাপ্রধান বা চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে অবসরে যেতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত সূত্রগুলো সিবিএস নিউজকে বিষয়টি জানিয়েছে।


একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং হেগসেথের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে পারবেন এমন কাউকে এই পদে চান মার্কিন প্রতিনক্ষামন্ত্রী।


পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, জর্জ ‘তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ পদ থেকে অবসর নিচ্ছেন। ডিপার্টমেন্ট অব ওয়ার তার দীর্ঘদিনের সেবার জন্য কৃতজ্ঞ। তার অবসর জীবনের জন্য শুভকামনা।’


প্রতিরক্ষা দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘আমরা তার (র‌্যান্ডি জর্জ) সেবার জন্য কৃতজ্ঞ, তবে সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে।’


বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র অনুসারে, সেনাবাহিনীর আরও দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে: জেনারেল ডেভিড হোডনে, যিনি সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের নেতৃত্ব দিতেন, এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন, যিনি সেনাবাহিনীর চ্যাপলেইন কোরের প্রধান ছিলেন। 


র‌্যান্ডি জর্জ কয়েক দশক ধরে দায়িত্ব পালনের পর, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের জ্যেষ্ঠ সামরিক সহকারী হিসেবে কাজ করেছেন। পেশাদার পদাতিক কর্মকর্তা এবং ওয়েস্ট পয়েন্টের স্নাতক জর্জ সর্বপ্রথম উপসাগরীয় যুদ্ধে এবং সাম্প্রতিককালে ইরাক ও আফগানিস্তানের সংঘাতে অংশগ্রহণ করেন।


সেনাবাহিনীর চিফ অব স্টাফ সাধারণত চার বছরের জন্য দায়িত্ব পালন করেন। জর্জকে প্রেসিডেন্ট জো বাইডেন এই পদের জন্য মনোনীত করেন এবং ২০২৩ সালে সিনেট তা অনুমোদন করে। অর্থাৎ, তার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল।


No comments:

Post a Comment

Pages