নিজস্ব সংবাদদাতা : বিএনপি সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেট অঞ্চলের অনেক কৃষিজমি শুকনো মৌসুমে সেচের পানির অভাবে অতিরিক্ত ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বংশী খালের ৬ কিলোমিটার ও ললীছড়া খালের ৪ কিলোমিটার খনন করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা হ্রাস পাবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেট সদর উপজেলায় দুই খালের খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খালটি খনন সম্পন্ন হলে প্রায় ৬ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে। এর ফলে কৃষকরা অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ পাবেন, তাদের আয় বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
খন্দকার মুক্তাদির বলেন, নবনির্বাচিত সরকার জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড প্রদান করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সরকার নির্বাচনের সময় জনগণের সামনে যে উন্নয়ন পরিকল্পনাগুলো উপস্থাপন করেছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সিলেটসহ সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে সরকার। পরে বাণিজ্যমন্ত্রী বংশীখাল খনন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. সরওয়ার আলম , সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ৷ সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী সন্ধ্যায় খাদিমপাড়া বিসিক শিল্পনগরী থেকে ইসলামের হাওর পর্যন্ত ললীছড়া খালখনন কর্মসূচি উদ্বোধন করেন।
সে সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যানরা মোনাজাত করেন।

No comments:
Post a Comment