সিসিকের পরিচ্ছন্নকর্মীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 15 March 2026

সিসিকের পরিচ্ছন্নকর্মীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার


সময় ডেস্ক :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার (বোনাস) প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


রোববার (১৫ মার্চ) বিকেলে সংসদ সচিবালয়ে উপহারের চেক গ্রহণ করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।


এই সহায়তার আওতায় দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে। পরে সিটি কর্পোরেশনগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।


এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।



প্রধানমন্ত্রীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকেও প্রধানমন্ত্রী সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের কথা গভীরভাবে ভাবছেন। সরকার গঠনের অল্প সময়ের মধ্যে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট নগরীকে আন্তর্জাতিক মানের আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্য বাস্তবায়নে নগরীকে প্রথমে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস প্রচেষ্টায় সিলেট নগরী আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের কাজে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


সিসিক প্রশাসক জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নগর সেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন।


No comments:

Post a Comment

Pages