নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু : লুনার শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 9 February 2026

নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু : লুনার শোক


সময় ডেস্ক :
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাহসিনা রুশদীর লুনা।


সোমবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, সুহেল আহমদ চৌধুরী ছিলেন এম. ইলিয়াস আলীর একজন অত্যন্ত বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধা। তিনি একজন জনবান্ধব, সৎ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি ছিলেন। বিশ্বনাথ উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান বিশ্বনাথবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।


তিনি আরও বলেন, স্থানীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞ নেতৃত্ব ও জনসম্পৃক্ততা এক অনন্য দৃষ্টান্ত ছিল। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।


পরিশেষে লুনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।


প্রসঙ্গঃ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে সুহেল আহমদ চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সাথে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিশ্বনাথের স্থানীয় রাজনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি ছিলেন এবং জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


No comments:

Post a Comment

Pages