সময় ডেস্ক : সদ্য গঠিত বিএনপি সরকারের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সিলেটে সরকারি সফর করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুই মন্ত্রী দোয়া মাহফিলের পর একসাথে হজরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুমা সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শোকরানা দোয়া মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর আজ বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অর্জন দেশের আপামর জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।
তিনি দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন আরো বলেন, দুই জনকে মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তাঁদের দক্ষ নেতৃত্বে সিলেটসহ সারাদেশ উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
সে সময় উপস্থিত ছিলেন, সিলেট–৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
শোকরানা মাহফিলে জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুমায় অংশগ্রহণকারী বিপুল মুসল্লি অংশ নেন। নতুন সরকারের সফলতা ও দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment